down of head

অডিটে অসদাচরণ: ৩ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বরখাস্ত

অডিটে অসদাচরণের দায়ে তিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সংবিধিবদ্ধ অডিট কাজ থেকে সাময়িক বরখাস্ত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। একই সঙ্গে তাদের মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২০২৬ সালের ১৬ জুন অনুষ্ঠিত আইসিএবির কাউন্সিল সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করা হয়। সিদ্ধান্তটি গত ৬ জুলাই থেকে কার্যকর হয়েছে।

এদের মধ্যে এম আই চৌধুরী অ্যান্ড কোং-এর পার্টনার সলিম উল্লাহ বাহাদুরকে ১৮ মাসের জন্য বরখাস্ত এবং ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাহমুদ সবুজ অ্যান্ড কোং-এর পার্টনার মো. কামরুল হাসানকে ১২ মাসের জন্য বরখাস্ত ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই মেয়াদে বরখাস্ত হয়েছেন কে এম হাসান অ্যান্ড কোং-এর পার্টনার মো. ফরহাদ হোসাইন সুমন। তাকেও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আইসিএবির নির্দেশনা অনুযায়ী, তিন মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে বরখাস্তের মেয়াদ আরও তিন মাস বাড়বে। এরপরও জরিমানা পরিশোধ না করা হলে পুরো অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত বরখাস্তের আদেশ বহাল থাকবে।

এদিকে এম আই চৌধুরী অ্যান্ড কোং, মাহমুদ সবুজ অ্যান্ড কোং এবং কে এম হাসান অ্যান্ড কোং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিরীক্ষক প্যানেলে তালিকাভুক্ত। এসব প্রতিষ্ঠানের বরখাস্ত হওয়া পার্টনাররা নির্ধারিত সময়ে তালিকাভুক্ত কোনো কোম্পানির সংবিধিবদ্ধ অডিট প্রতিবেদন তৈরি করতে পারবেন না বলে জানিয়েছেন বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্পর্কিত খবর