পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা না হলে ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যসচিব মোতাছিম বিল্লাহ।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছিলেন জহির হোসেন। কিন্তু প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করা হয়নি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকে এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে মোতাছিম বিল্লাহ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংকের গ্রাহকেরা আশা করেছিলেন, ব্যাংকটি আবার আগের অবস্থানে ফিরে যাবে। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকটির ব্যবস্থাপনায় আবার পরিবর্তন আনা হয়।
তিনি অভিযোগ করেন, ওমর ফারুক খান ও তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমানকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। পরে খুরশীদ আলমকে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও গ্রাহক ফোরামের প্রতিবাদের মুখে তিনি দায়িত্ব নিতে পারেননি। এরপর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংক জহির হোসেনকে ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
মোতাছিম বিল্লাহ বলেন, দায়িত্ব নেওয়ার সময় জহির হোসেন জানিয়েছিলেন, তিনি মাত্র ১৫ দিনের জন্য দায়িত্ব পালন করবেন এবং এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে দায়িত্ব ছেড়ে দেবেন। কিন্তু প্রায় পাঁচ মাস পার হলেও পরিচালনা পর্ষদ গঠন না হওয়ায় ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে দায়িত্ব পালন করা অভিজ্ঞ নির্বাহীদের চাকরির বয়সসীমা অতিক্রান্ত না হলেও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। অথচ পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করেই নতুন করে দুজন নির্বাহীকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রশাসককে উদ্দেশ করে মোতাছিম বিল্লাহ বলেন, ‘জহির সাহেব, আপনি যদি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ দিতে না পারেন, নির্বাহীদের ইসলামী ব্যাংকে রাখতে না পারেন, তাহলে নতুন করে দুজন নির্বাহীকে কীভাবে ডিএমডি পদে নিয়োগ দিলেন? আমরা স্বচ্ছতার আড়ালে ধোঁকা দেখতে পাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নিয়ে আসতে না পারলে আপনার মতো জহির সাহেবের ইসলামী ব্যাংকে কোনো প্রয়োজন নেই।’
সমাবেশে গ্রাহক আবুল খায়ের আজাদ বলেন, ইসলামী ব্যাংককে রক্ষায় দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করছেন গ্রাহকেরা। একসময় ব্যাংকটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবি তাদের দীর্ঘদিনের।
তিনি বলেন, নির্বাচনের আগে সরকার দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। ইসলামী ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংকটিকে রক্ষায় গ্রাহকদের দাবি পূরণের আহ্বান জানান তিনি।
সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা, নারী গ্রাহক ও সাধারণ গ্রাহকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।



