শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি
তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পর্যবেক্ষণের জবাবে সিপিডি বলেছে জ্বালানি সংকট, উচ্চ সুদহার বা দুর্নীতির মতো শাসনগত সমস্যার দায় শ্রমিকের মজুরি কম রেখে তাদের ওপর চাপানো মোটেও ঠিক নয়। বরং এসব সমস্যার সমাধান আলাদাভাবে খুঁজতে হবে।
রোববার (২২ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো এক চিঠিতে এসব কথা বলেছে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ স্বাক্ষরিত পাঁচ পৃষ্ঠার ওই চিঠিতে গত ১৮ নভেম্বর সিপিডির মিডিয়া ব্রিফিংয়ের ওপর বিজিএমইএ-এর তোলা বিভিন্ন আপত্তি ও পর্যবেক্ষণের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।
চিঠিতে সিপিডি জানায়, মজুরি বোর্ড শ্রমিকের চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা দুটোই বিবেচনা করবে বলে আশা করি। তবে জ্বালানি সংকট, উচ্চ সুদহার বা দুর্নীতির মতো সমস্যার দায় শ্রমিকের ঘাড়ে চাপানো উচিত নয়। পাশাপাশি সিপিডি মজুরি বৃদ্ধির পক্ষে থাকলেও কোনো ধরনের ভাঙচুর, সহিংসতা বা অস্থিরতা সমর্থন করে না; কারণ এতে শ্রমিক ও শিল্প দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের ক্ষতি হয়। শ্রমিক ও কারখানা, দুই প্রেক্ষিত থেকেই বৈজ্ঞানিক নমুনাভিত্তিক বড় জরিপ প্রয়োজন।
এক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারায় উল্লিখিত মানদণ্ড তথা জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতা মেনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শিল্পের সক্ষমতা ও যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের প্রসঙ্গে সিপিডি জানায়, উৎপাদন ব্যয়, সুদহার, রপ্তানিমূল্য ও শুল্কের চাপের বিষয়টি তারা তাদের উপস্থাপনাতেই তুলে ধরেছিল। এ কারণেই কোনো একটি সুনির্দিষ্ট সংখ্যা চাপিয়ে না দিয়ে মজুরির একটি আনুমানিক পরিসর প্রস্তাব করা হয়েছে, যার নিচের সীমা মৌলিক চাহিদা এবং ওপরের সীমা মজুরি দেওয়ার সক্ষমতা নির্দেশ করে। তবে সক্ষমতা মাপতে কারখানার ব্যয়, পণ্যের মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য অনুপস্থিত।
বিজিএমইএর কারিগরি ও তথ্যগত আপত্তির জবাবে সিপিডি জানিয়েছে, তাদের পর্যালোচনায় পরিবারের সদস্যসংখ্যা ৪ জন এবং উপার্জনকারী সদস্য ১.৫৮ জন ধরা হয়েছে, যা বিভিন্ন প্রকাশিত গবেষণার মধ্যমান। বিজিএমইএ-এর প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘এসইডিএস ২০২৩’ জরিপের ৩.৯৬ জন সদস্য ধরলেও দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হয়। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।
অন্যদিকে, বিবিএসের ‘এইচআইইএস ২০২২’ অনুযায়ী শহরাঞ্চলে উপার্জনকারী সদস্য ১.৩৭ জন ধরলে মজুরির হিসাব আরও বাড়ত। তাই ইচ্ছাকৃতভাবে মজুরি বাড়িয়ে দেখানোর কোনো উদ্দেশ্য সিপিডির ছিল না বলে চিঠিতে দাবি করা হয়।
ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে সিপিডি বলেছে, পোশাক শ্রমিকদের বড় অংশ গাজীপুর, নারায়ণগঞ্জসহ শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন এবং তাদের বাসাভাড়া দিয়ে বাজার থেকে সব কিনতে হয়। তাই মাথাপিছু ৪,৯২২ টাকার এই দারিদ্র্যসীমা ব্যবহার করা যুক্তিসংগত; গ্রামীণ দারিদ্র্যসীমা ধরলে শ্রমিকদের প্রকৃত ব্যয় প্রতিফলিত হবে না। তবে বিজিএমইএ এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার তথ্য সরবরাহ করলে ভারিত গড় হিসাব করা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।
খাদ্যবহির্ভূত ব্যয়ের ভেতরে আবাসন ব্যয় থাকার পরও আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করায় ব্যয় দুবার গণনা হয়েছে বিজিএমইএ-এর এমন আশঙ্কাও নাকচ করে দিয়েছে সিপিডি।
সংস্থাটি স্পষ্ট করেছে, তারা বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয় থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাক বাদ দিয়েই কেবল কাপড়চোপড়, ইউটিলিটি, শিক্ষা, যাতায়াত, চিকিৎসা ও যোগাযোগের মতো অপরিহার্য বিষয়গুলোর খরচ হিসাব করেছে। ফলে আবাসন ব্যয় দুবার ধরা হয়নি।
এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ার প্রসঙ্গে সিপিডি বলেছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করায় বর্তমান শ্রমিকদের প্রাপ্য মজুরি বেড়েছে ঠিকই, কিন্তু নতুন যোগদানকারী শ্রমিকের নির্ধারিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা অপরিবর্তিতই রয়েছে। সিপিডি মূলত এন্ট্রি গ্রেডের মজুরির ওপর গুরুত্ব দিলেও দক্ষতা, দায়িত্ব ও অভিজ্ঞতার ভিত্তিতে অন্যান্য গ্রেডের যৌক্তিক মজুরিকাঠামো থাকা জরুরি বলে মনে করে।



