রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা
রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি প্রতিরোধে রপ্তানিকারকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। এতে ইলেকট্রনিক নথি আদান-প্রদান এবং ব্যাংকের পেমেন্ট বা অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ অনুমোদনের (জেনারেল অথরাইজেশন) আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানোর ক্ষেত্রে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিতে হবে রপ্তানিকারকদের।
এ ছাড়া ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের বিবরণ কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো ধরনের পরিবর্তনের অনুরোধ এলে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আগে পূর্বনির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে রপ্তানিকারকদের কাছ থেকে বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিকারকদের যেকোনো সন্দেহজনক লিংক, অযাচাইকৃত অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়ার মতো প্রতারণামূলক অনুরোধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো ধরনের জালিয়াতির সন্দেহ হলে, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন দেখা গেলে কিংবা নথিপত্র জালিয়াতির ঘটনা ঘটলে রপ্তানিকারকদের অবিলম্বে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে জানাতে হবে।
একই সঙ্গে উপযুক্ত যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক নির্দেশনাগুলো দ্রুত রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।



