হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী
এলপিজি ব্যবসায়ীদের উদ্দেশে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এলপিজি আমদানি করে বেসরকারি কোম্পানি আর দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তিনি বলেন, লাইসেন্সিং অথরিটি হিসেবে আমরা লাইসেন্স দিয়ে থাকি। আপনারা (ব্যবসায়ী) এখনও সনাতন পদ্ধতিতে এলপিজি বিক্রি করেন। যেমন- দেখা যায় যে, গ্রাম থেকে সবজি আসে যা একজনের হাত থেকে আরেক হাত বদল হতে হতে ঢাকার কাঁচাবাজারে যায়, মাছের বাজারে যায়, সবজির বাজারে যায়; আপনারাও সেই সিস্টেমের মধ্যে গেছেন। আপনারা একটা ডিলার দিছেন, ডিলারের আবার সাব-ডিলার আছে, সাব-ডিলারের আবার রিটেইলার আছে। সো, প্রত্যেক জায়গায় একটা ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে। ব্যারিয়ার হতে হতে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে আপনার গ্রাহকের জন্য প্রাইসটা অসহনীয় হয়ে যাচ্ছে। দাম বেড়ে যাচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬ এ একথা বলেন তিনি৷
তিনি বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে, আপনারা… আমাদের এখন এনআইডি হয়ে গেছে—যেসব বাড়িতে গ্যাস ইউজ করে, তাদের একটা অ্যাপ তৈরি করে দিয়ে, তাদের এনআইডি নিয়ে আপনারা এটা সাপ্লাই দিতে পারেন৷
আপনারা যদি এমন করেন যে আপনারা আপনাদের গ্রাহক ভাগ করে নেন এবং অনলাইনে পেমেন্ট নেন, পেমেন্ট নিয়ে এই বোতলগুলো যদি সরাসরি গ্রাহকের বাড়িতে পৌঁছে দেন, তাহলে কিন্তু এই যে মিডলম্যানের (মধ্যস্বত্বভোগী) যে টাকাটা অ্যাড হয়, সেটা হবে না। আপনারা যে দাম ফিক্সড করবেন, ওই দামেই গ্রাহক পাবে।



