down of head

ডিজিটাল সেবা বাড়াতে নগদ-ইউসিবি চুক্তি

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবার পরিধি বাড়াতে এবং ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সাথে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

আজ (বুধবার) রাজধানীর গুলশানে ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং ইউসিবির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ।

এই চুক্তির ফলে ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। এই প্রক্রিয়ায় প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে আগামীতে ইউসিবি ব্যাংকের যেকোনো লোন ও মাসিক সঞ্চয়ের (ডিপিএস) কিস্তি এবং ক্রেডিট কার্ডের ইএমআই নগদের মাধ্যমে পরিশোধ করা সম্ভব হবে। পাশাপাশি গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ হবে, যা আরও বেশি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসবে। সবমিলে দেশে ক্যাশলেস লেনদেন প্রসারেও চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল আর্থিক সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করতে নগদ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এই চুক্তি দুই পক্ষের গ্রাহকের নিত্যকার প্রয়োজনীয় ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে। সমন্বিত এই প্রয়াসটি দেশের ক্যাশলেস অর্থনীতিকেও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এই কৌশলগত অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু এবং হেড অব রেমিট্যান্স মো. এহসানুল হক বাশার। ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হোলসেল ব্যাংকিং) সুফিয়া আক্তার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এফআই অ্যান্ড ওবিইউ) ইউসুফ হাবিব, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (রেমিট্যান্স) মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমানে ইউসিবি থেকে নগদে অ্যাড মানি এবং উভয় প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি সেবা ও বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু রয়েছে। দেশে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোসহ ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে নগদ। প্রতিষ্ঠানটির অগ্রাধিকার তালিকায় ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা ও এনপিএসবি সুবিধার মাধ্যমে ক্যাশলেস লেনদেন নিশ্চিত করার বিষয়টিও রয়েছে।

সম্পর্কিত খবর