৮০০ কোটি টাকার বন্ড পেল সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংক পিএলসিকে ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় ‘সাউথইস্ট ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড (সিক্সথ ইস্যু)’ নামের এ বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়।
বিএসইসির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এটি হবে ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড ও ফ্লোটিং রেট বন্ড।
বন্ডটির কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।
বন্ড ইস্যুর মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে সাউথইস্ট ব্যাংকের বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বন্ডটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত করার ব্যবস্থা করতে হবে।



