ওয়ান ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদিত
ওয়ান ব্যাংক পিএলসিকে ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির নাম ‘One Bank PLC 6th Subordinated Bond’।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান সভায় সভাপতিত্ব করেন।
বিএসইসির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড। এর কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারিত হার।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে ওয়ান ব্যাংকের বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বন্ডটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত করার ব্যবস্থা করতে হবে।



