স্কুলে ছাত্রীকে জড়িয়ে ভিডিও, টিকটকে ভাইরাল!

 

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দিয়েছে সহপাঠী। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গিয়ে কোনো সহযোগিতা না পেয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যার হুমকি দিয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, গত বুধবার স্কুল ছুটির পর আমার ব্যাগ নিয়ে আগেই বের হয়ে যায় ওই কিশোর। পরে সেটি আনতে গেলে সে আমাকে জড়িয়ে ধরে। এ সময় তার আরেক বন্ধু গোপনে মোবাইলে ভিডিও করে এ দৃশ্য। পরে সে ভিডিও ফেসবুক ও টিকটকে ছেড়ে দেয় তারা। টিকটকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সে আরো জানায়, অনেক দিন ধরে ওই সহপাঠী আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। আমি রাজি না হওয়ায় জোর করে এ ধরনের ঘটনা ঘটায়। এ ছাড়া বিভিন্ন সময় সে রাস্তাঘাটে গতিরোধ করে উত্ত্যক্ত করত।

ওই স্কুলছাত্রীর মা বলেন,  বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি বিচার করবেন বলে জানান। শুক্রবার রাতে বিষয়টি পাথরঘাটা থানার ওসি আবুল বাশারকে জানিয়ে মামলার কথা বলি। কিন্তু তিনি অনেকক্ষণ আমাদের বসিয়ে রেখে পরদিন আসার জন্য বলেন।

তিনি বলেন, এ ঘটনায় আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। এ অবস্থায় পুলিশের সহায়তা না পেলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কলঙ্ক নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।

ওই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, স্কুল গেটের বাইরে এ ধরনের একটি আপত্তিকর ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে ওই কিশোরের পরিবারকে জানানো হলেও তাকে হাজির করতে পারেননি স্বজনরা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, রাতে ওই স্কুলছাত্রী ও তার মা থানায় এসে বিষয়টি আমাকে জানিয়ে গেছেন। তারা মামলা করার জন্য আসেননি, মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর