down of head

ঈদ ছুটির পর পুঁজিবাজারে লেনদেন পুনরায় শুরু

পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি শেষে দেশের পুঁজিবাজারে লেনদেন পুনরায় শুরু হচ্ছে আজ (২৪ মার্চ) থেকে। এদিন থেকে (ডিএসই) এবং (সিএসই)-এ স্বাভাবিক কার্যক্রম চালু হবে।

গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে উভয় শেয়ারবাজারে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, রমজান ও ঈদের ছুটি শেষে লেনদেন এবং অফিস সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাচ্ছে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত থাকবে।

লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।

রমজান মাসে সংক্ষিপ্ত সময়সূচিতে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এ সময় ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন পরিচালিত হয়েছে। পাশাপাশি অফিস সময়ও কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

ঈদের ছুটি শেষে স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসার ফলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বাজারে লেনদেনের গতি বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পর্কিত খবর