ডিএসইতে হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

দেশের পুঁজিবাজারে এক কার্যদিবস কিছুটা মূল্য সংশোধন হওয়ার পর আবার ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, বেড়েছে তার দ্বিগুণের বেশি। ফলে বেড়েছে সবকটি মূল্যসূচক। সেইসঙ্গে দুমাস পর ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে।

এদিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার ধারা অব্যাহত থাকায় লেনদেনের চার মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ২৯ পয়েন্ট। তবে প্রথম ঘণ্টার লেনদেন শেষ হতেই দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। ফলে লেনদেনের এক ঘণ্টা ৪৩ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট কমে যায়। অবশ্য আধা ঘণ্টার মধ্যে আবার সূচক পজিটিভ হয়। সেইসঙ্গে লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকা বড় হয়।

ফলে সবকটি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমে ১১১টি প্রতিষ্ঠানের। আর ৪৫টির দাম অপরিবর্তিত ছিল। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৯৪ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় আট পয়েন্ট বেড়ে এক হাজার ২২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ১৯ কোটি আট লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৫১ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ৭ মে’র পর ডিএসইতে হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো।

এই লেনদেনে বেশি অবদান ছিল সি পার্ল বিচ রিসোর্টের। কোম্পানিটির ৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑস্যালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, ফারইস্ট নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমে ৭৭টির এবং ৩১টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ১১ কোটি দুই লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৯ কোটি ৪৭ লাখ টাকা।

এন এস

সম্পর্কিত খবর