গাজায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে ফের হামলা, নারীসহ নিহত অন্তত ২১
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের ক্যাম্পে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নারী। হামলায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার রাফার আল-মাওয়াসিতে এ হামলা চালানো হয়। খবর আল জাজিরা।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা ও ফিলিস্তিনি বার্তাসংস্থা জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানিয়েছে, হামলায় ৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ওই এলাকাটিতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী রাফার আল-মাওয়াসিতে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আগ্রাসন পরিচালনাকারী এ সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক ঘণ্টার প্রতিবেদনের বিপরীতে (আমরা বলতে চাই), আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আল-মাওয়াসির ওই মানবিক এলাকায় হামলা করেনি।’
ইসরায়েল এর আগে পশ্চিম রাফাতে আল-মাওয়াসিকে মানবিক এলাকা হিসাবে ঘোষণা করেছিল এবং সেসময় ফিলিস্তিনিদের তাদের নিরাপত্তার জন্য সেখানে সরে যাওয়া উচিত বলে জানিয়েছিল।
আল জাজিরার প্রতিবেদক খুউদারি গাজার দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, ‘ইসরায়েলি বাহিনী আরেকটি অস্থায়ী তাঁবু ক্যাম্পকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, যেখানে বেশিরভাগ মানুষই ছিলেন নারী ও শিশু।’ তিনি আরো বলেন, ‘গাজা উপত্যকা জুড়ে নিরাপদ কোনো এলাকা নেই। রাফাতে কোনো হাসপাতাল নেই। আহত ও নিহতদের সবাইকে ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পস ফিল্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কোনো অ্যাম্বুলেন্স নেই।’
এন এস



