down of head

কুড়িগ্রামে শিশু কন্যার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

কুড়িগ্রামে আড়াই বছরের একটি কন্যা শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বড় চাচি কামনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার জেলার পাঁচগাছীর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম দুলালী। সে ওই গ্রামের রিকশাচালক দুলালের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ চিৎকার শুনে দুলালীদের বাড়িতে জড়ো হয় প্রতিবেশীরা। এ সময় ঘরের ভেতর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন দুলালীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি রক্তমাখা বটিও পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শিশুটির মা শাবনুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর বেটিক নদীত গাও ধোয়ে (গোসল করিয়ে) মুই বাড়িত পাঠে দিলুং। মোর এই সর্বনাশ করছে মোর বড় জাও (বড় ভাইয়ের বউ)। তার কোলত মোর বেটি ছিল মুই এর বিচার চাং।’

শিশুটির বাবা রিকশাচালক দুলাল মিয়া বলেন, ‘আমার স্ত্রী মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাইরে থেকে ছিকল দেওয়া ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে। এ সময় ঘরের মেঝেতে মেয়ের রক্তমাখা মরদেহ দেখতে পায়। আমি মেয়ে হত্যার বিচার চাই।’

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মায়ের দাবির পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন এস

সম্পর্কিত খবর