বিজিবি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী
“পিলখানা হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যেন না ঘটে”
পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে ব্যাপারে বিজিবিকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বিজিবির তৎকালীন মহাপরিচালকসহ যেসব সদস্য নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি; তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। স্বজন হারানোর বেদনা যে কত কঠিন, সেটি বোধ হয় আমার চেয়ে বেশি আর কেউ উপলব্ধি করতে পারে না। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে।’ গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজে এ কথা বলেন তিনি।
পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে সকাল সাড়ে ৯টায় এ কুচকাওয়াজ হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পর বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ বিজিবি সদস্যকে পদক দেন সরকারপ্রধান। বিজিবি সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব বিজিবির ওপর। সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক চালানসহ নারী ও শিশু পাচারের মতো বিভিন্ন কাজ বিজিবি অত্যন্ত দায়িত্বের সঙ্গে প্রতিরোধ করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশমাতৃকা রক্ষার অতন্দ্র প্রহরী বিজিবি। তারা দেশের অর্থনীতির জন্য কাজ করে। ১০ লাখের ওপর রোহিঙ্গা শরণার্থী আজ আশ্রয় নিয়েছে। সেখানে বিজিবিসহ সশস্ত্র বাহিনী, পুলিশ ও র্যাব কাজ করছে। সে এলাকা নজরদারির মধ্যে রাখছে।’
রোহিঙ্গাদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমরা মানবিক কারণেই তাদের আশ্রয় দিয়েছি। তবে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে যাতে আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ পাই এবং শরণার্থীদের ফেরত পাঠাতে পারি। আমরা কখনো প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করতে চাই না। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই এ সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।’
বিজিবির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে যখনই কোনো প্রয়োজন দেখা দেয়, সেই বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের ঘটনায় বিজিবির সদস্যরা সাধারণ মানুষের পাশে থেকে তাদের জানমাল রক্ষায় ভূমিকা রেখেছেন। জাতির আস্থা ও বিশ্বাস আপনারা অর্জন করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এরই মধ্যে বিজিবিকে আরো শক্তিশালী করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০ পাস করেছি। একটি দক্ষ ও আধুনিক দ্বিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবি গড়ে উঠেছে। জল, স্থল ও আকাশপথেও দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে বিজিবি।’
শেখ হাসিনা বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশকে আমরা বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ প্রণয়ন করেছি। যেভাবে বাংলাদেশকে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে চাই, আমাদের বিজিবিও হবে তেমনি একটি স্মার্ট বাহিনী।’
সরকারপ্রধান বলেন, ‘সরকার গত ১৫ বছরে বিজিবিতে সৈনিক পদে ৩৫ হাজার ৫১৭ জনকে নিয়োগ দিয়েছে। ৫৫ হাজার ১৮৭ সদস্যকে বিভিন্ন পদে পদোন্নতি দেয়া হয়েছে। আমরাই প্রথম বিজিবিতে নারী সদস্যদের অন্তর্ভুক্ত করেছি। এ পর্যন্ত ৯৯৬ জন নারী সৈনিক ভর্তি হয়েছে। বিজিবি ভিশন ২০৪১ অনুযায়ী এ বাহিনীতে আরো ১৫ হাজার জনবলের পদ সৃজনের পরিকল্পনা রয়েছে।’



