down of head

যুদ্ধে ৩১ হাজার সেনার মৃত্যু হয়েছে: জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের তৃতীয় বছরে এসে জেলেনস্কি প্রথমাবারের মত নিহত সৈন্যের সংখ্যা জানালেন

কিয়েভে একটি সম্মেলনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের তৃতীয় বছরে এসে জেলেনস্কি প্রথমাবারের মত নিহত সৈন্যের সংখ্যা জানালেন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, “ইউক্রেনের অস্ত্র এবং গোলাবারুদের সংকট রয়েছে। পশ্চিমা দেশগুলো যে সামরিক সাহায্য করছে তার অর্ধেক এসে পৌঁছাচ্ছে অনেক দেরিতে।

তিনি বলেছেন, “এভাবে সামরিক সাহায্য পেতে দেরি হলে রাশিয়ারই সুবিধা হবে।”

জেলেনস্কি জানিয়েছেন, মে মাসের শেষের দিকে বা গ্রীষ্মে রাশিয়ার সেনা ইউক্রেনের উপর বড়সড় আঘাত হানার পরিকল্পনা করছে।

তিনি বলেন, “আমরা সেই আক্রমণের জন্য প্রস্তুত। গত ৮ অক্টোবর থেকে রাশিয়া বড় আক্রমণ চালিয়েও আমাদের কিছুই করতে পারেনি। আমরা আমাদের মতো করে পরিকল্পনা তৈরি করব এবং তা বাস্তবায়ন করব।”

ইউক্রেনকে সমর্থন করা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্যারিসে একটি সম্মেলন ডেকেছেন।

ম্যাখোঁর অফিস রবিবার (২৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, ২০টি দেশের রাষ্ট্রপ্রধান বা তাদের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিবেন। ইউক্রেনের পাশে থাকা ও কীভাবে দেশটিকে সাহায্য করা যায় তা নিয়ে এই সম্মেলনে আলাপ করা হবে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেই দুদা, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে এই সম্মেলনে যোগ দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যানাডা উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাচ্ছে।

ভারত ও চীনের কোনো প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিচ্ছেন না।

এক ফরাসি কর্মকর্তা জানিয়েছেন, “আমরা রাশিয়াকে একটা বার্তা দিতে চাই, তারা ইউক্রেনের বিরুদ্ধে জয় পাবে না।”

সম্পর্কিত খবর