বগুড়ায় ভল্ট ভেঙে টাকা চুরি, পুলিশ এখনো ‘গভীরভাবে অনুসন্ধানে’
বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি শাখার ভল্ট ভেঙে প্রায় ১০ লাখ টাকা চুরির চার দিন পরও রহস্যের কোনো কিনারা করতে পারেনি পুলিশ ও গোয়েন্দারা। এ ঘটনায় মামলার পর পুলিশ বলছে, তারা ‘গভীরভাবে অনুসন্ধান’ করছে। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
গত শুক্রবার রাতের কোনো এক সময়ে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখায় হানা দিয়ে দুর্বৃত্তরা ভল্ট ভেঙে প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় শনিবার ব্যাংকটির শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর ভল্ট ভেঙে অর্থ চুরির রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও মাঠে নামেন।
গতকাল দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার প্রথম আলোকে বলেন, এখনো রহস্য উদ্ঘাটন হয়নি। থানা-পুলিশ এবং জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনাটি গভীরভাবে অনুসন্ধান করছে।



