বুয়েটের পর এবার ঢাবিতেও প্রথম আসীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন আসীর আনজুম খান। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায়ও প্রথম হন।
আজ সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভর্তি পরীক্ষার এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ফল প্রকাশের পর দেখা যায়, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটর ডেম কলেজের আসীর আনজুম খান। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৫। মেধাস্কোর ১১৫। একই সঙ্গে বুয়েটের ভর্তি পরীক্ষায়ও প্রথম স্থান অর্জন করেন তিনি। এছাড়া, মেডিকেল ভর্তি পরীক্ষায় ষষ্ঠ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান অনুষদভুক্ত পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ১০ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৪৬৬ জন। পাসের হার ১০ দশমিক ৩৯ শতাংশ।
ভিন্নবার্তা ডটকম/এন



