down of head

জুয়া খেলা নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা!

বগুড়ার ধুনটে জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে আরিফুল ইসলাম হিটলু (৩৮) নামের এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার পর মরদেহ গুম করেছে স্থানীয় লোকজন।

শনিবার (১৬ এপ্রিল) রাত ১০ টার দিকে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত হিটলু বেড়েরবাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার নামে ধুনট থানায় ৮টি মামলা রয়েছে।

জানাগেছে, ধুনট থানার সীমান্তবর্তী এলাকা বেড়ের বাড়ি গ্রাম সংলগ্ন শাজাহানপুর থানার আমরুল ইউনিয়নের নাগরকান্দি খালের ব্রীজের কাছে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছিল হিটলু। জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে হিটলু শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেড়েরবাড়ি গ্রামের মালেক নামের এক যুবককে কুপিয়ে আহত করে। এখবর গ্রামের পৌছিলে বেড়েরবাড়ি গ্রামের তিন শতাধিক লোকজন জুয়ার আসরে হামলা চালিয়ে হিটলুকে ধরে নিয়ে যায়।

এরপর বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ অজ্ঞাত স্থানে ফেলে দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগীতায় মরদেহ সন্ধান শুরু করে। রাত সাড়ে ১২ টায় এরিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি। হিটলুর বাবা আব্দুল জলিল দাবী করেছেন তার ছেলেকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ গুম করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন হিটলুর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট। একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত হিটলুর নামে ধুনট থানায় মাদক, পুলিশের উপর হামলা, জুয়া খেলাসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৮টি মামলা রয়েছে। মাস তিনেক আগে হিটলু জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসে। এরপর আবারো শাজাহানপুর থানা এলাকায় জুয়া চালানোসহ বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়ে। ওসি আরো বলেন, ঘটনাস্থলে রক্ত পড়ে থাকা দেখে মনে হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সম্পর্কিত খবর