বঙ্গবন্ধু পাকিস্তানীদের বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপসহীন নেতা। তিনি পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানিদের কবল থেকে স্বাধীনতা না পেলে এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসবে না। কেননা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই পাকিস্তানিরা বাঙালিদের দাবিয়ে রাখতে চেষ্টা করেছে।
শনিবার (২৬ মার্চ) ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। তার পরিকল্পনা ও প্রচেষ্টায় বাংলাদেশ এখন উন্নত দেশ হবার পথে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্নসূচকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি লাভ করেছে।
শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর,সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।
জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধু যদি আর ১০টি বছর সময় পেতেন, তাহলে আমরা খুব ভালো একটা জায়গায় আরও আগেই পৌঁছে যেতাম। কেননা স্বাধীনতার পর অল্প সময়ের মধ্যেই তিনি প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা নেন। যেমন স্বাস্থ্যখাতের বেশির ভাগ বড় প্রতিষ্ঠানই তার সময়ে করা। একইভাবে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১, এসডিজি-২০৩০, ভিশন-২০৪১, ডেল্টা প্ল্যান-২১০০ অনুযায়ী দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহা-পরিচালক ড. মো. নজরুল আনোয়ার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ প্রমুখ।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন জোয়ারদারকে সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে শিল্প মন্ত্রণালয়ের চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরাল ও মন্ত্রণালয়ের লবিতে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব জাকিয়া সুলতানা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।



