down of head

চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের সয়াবিন উৎপাদন স্থিতিশীল থাকবে

২০২১-২২ মৌসুমে (সেপ্টেম্বর’২১-আগস্ট’২২) যুক্তরাষ্ট্রের সয়াবিন উৎপাদন স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)। এ মৌসুমে দেশটির সয়াবিন উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৪৪৩ কোটি ৫০ লাখ বুশেল (১২ কোটি ৮ লাখ টন)। ফেব্রুয়ারিতে দেশটির সয়াবিন উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ২১ কোটি ৯০ লাখ বুশেল।

এর আগে এক প্রতিবেদনে ইউএসডিএ জানায়, চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে মোট ৮ কোটি ৬৩ লাখ একর জমিতে সয়াবিন রোপণ করা হয়। ২০২১-২২ মৌসুমের জন্য যুক্তরাষ্ট্রে সয়াবিনের ফলনের পরিমাণ প্রতি একরে দাঁড়াতে পারে ৫১ দশমিক ৪ বুশেল। ইউএসডিএর ফেব্রুয়ারির প্রতিবেদনে জানুয়ারিতে প্রাক্কলিত পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে সয়াবিন ক্রাশের পরিমাণ দাঁড়াবে ২২১ কোটি ৫০ লাখ বুশেল (৬ কোটি ৩ লাখ টন), যা পূর্ববর্তী প্রাক্কলনের চেয়ে ২ কোটি ৫০ লাখ টন বেশি।

এ মৌসুমে যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি দাঁড়াবে ২০৯ কোটি বুশেল (৫ কোটি ৬৭ লাখ টন), আগের প্রাক্কলনে এর পরিমাণ ছিল ২০৫ কোটি বুশেল। চলতি মৌসুমের শেষ নাগাদ দেশটিতে সয়াবিনের মজুদ দাঁড়াবে ২৮ কোটি ৫০ লাখ বুশেল (৭৭ লাখ ৫০ হাজার টন), যা পূর্ববর্তী প্রাক্কলনের চেয়ে ৪ কোটি বুশেল কম।

সম্পর্কিত খবর