down of head

অসময়ের পটলের কেজি ২০০ টাকা

দিনাজপুরের হিলির কাঁচাবাজারগুলোতে খানিকটা আগে ভাগেই উঠতে শুরু করেছে অসময়ের সবজি পটল। আর প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে। ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় বেশিরভাগ ক্রেতাই পটল কিনতে পারছেন না।

হিলি বাজারে সবজি কিনতে আসা অনন্ত কুমার বলেন, কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে ঢাকার বাজারে পটল উঠেছে। সেই থেকেই কেনার ইচ্ছা ছিল। আজ বাজার করতে এসে দেখি বাজারে অসময়ের পটল বিক্রি হচ্ছে। তবে স্বাদ নিতে সামান্য পরিমাণে কিনলেও দাম অনেক বেশি।

আরকে ক্রেতা মিরাজুল ইসলাম বলেন, বাজারে একটি দোকানে পটল বিক্রি হচ্ছে দেখে কেনার ইচ্ছা জাগে। তবে দাম শুনে আর নেওয়ার মতো সাহস হয়নি। এত টাকা দিয়ে পটল কিনে খাওয়ার সামর্থ আমাদের নেই। তাই শুধু চোখের দেখা দেখেই বাজার থেকে ফিরেছি।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, এখনও দেশি পটল আসতে বেশ কিছু দিন সময় লাগবে। কিন্তু খানিকটা আগে ভাগেই সম্প্রতি যশোর অঞ্চলে এই অসময়ের পটল উঠতে শুরু করেছে। তাই আমরা সেখান থেকে এসব পটল সংগ্রহ করে বাজারে বিক্রি করছি। প্রতি কেজি পটল কিনতে আমাদের খরচ হচ্ছে ১৫০ টাকার বেশি। তাই ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি ছাড়া কোনও উপায় নেই।

 

 

সম্পর্কিত খবর