ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার আদালত চত্বরে এ মানববন্ধন করেন তারা। টেকনাফের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেয়া একজন বলেন, আমার ভাই শাহবুদ্দীন ছিলেন একজন কৃষক। আমার ভাইয়ের নামে একটা মামলা ছিল। ২০১৯ সালের ১৭ এপ্রিল দুপুর ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে ২১ তারিখে আমার ভাইকে ক্রসফায়ার দিয়েছে। যদি এটা বন্দুকযুদ্ধ হতো তাহলে গুলি মাথায় লাগত বা পিঠে লাগত অথবা পায়ে লাগত। কিন্তু, সেই গুলি সিনাতে লাগছে।
আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা ওসি প্রদীপের ফাঁসি চাই।
মানববন্ধনে অংশ নেয়া কক্সবাজারের স্থানীয় সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের মা হালিমা খাতুন বলেন, আমার ছেলেকে ওসি প্রদীপ ছয়টি মিথ্যা মামলা দিয়েছে। আরও অনেক নিরীহ লোককে হয়রানি নির্যাতন করেছে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, প্রদীপ কুমার দাশ টেকনাফে থাকাকালে নিরীহ লোকজনকে হয়রানি ও নির্যাতন করেছেন। ক্রসফায়ার দিয়েছেন ১৪৫ জন নিরীহ মানুষকে। আজ মামলার রায় ঘোষণার দিন ধার্য করা আছে। তাঁরা চান প্রদীপ কুমার দাশের ফাঁসি হোক।
আজ দুপুরের পর কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে সিনহা হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গুলিতে নৃশংসভাবে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। হত্যাকা-ের ঘটনাকে ধামাচাপা দিতে নানা অপচেষ্টা চালানো হলেও তদন্তে বেরিয়ে আসে জড়িতদের নাম এবং তাদের নৃশংসতা।
এ মামলায় অভিযুক্ত ১৫ আসামি হলেন, টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. লিয়াকত আলী (৩১), টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ (৪৮), বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত (৩০), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিটন মিয়া (৩০), কনস্টেবল ছাফানুর করিম (২৫), মো. কামাল হোসাইন আজাদ (২৭), মো. আব্দুল্লাহ আল মামুন, ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা (৩০), কনস্টেবল সাগর দেব, এপিবিএনের এসআই মো. শাহজাহান আলী (৪৭), কনস্টেবল মো. রাজীব হোসেন (২৩), আবদুল্লাহ আল মাহমুদ (২০), স্থানীয় বাসিন্দা বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন (২২), মো. নিজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ আইয়াজ (৪৫)।



