৬ মাসে হিলি বন্দরে ১৮৯ কোটি টাকার রাজস্ব আদায়

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২১-২২ অর্থবছরের গত ৬ মাসে রাজস্ব বোর্ড (এনবিআর) ২২৭ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। কিন্তু ৬ মাসে রাজস্ব আদায় হয়েছে ১৮৯ কোটি ২০ লাখ টাকা। ফলে প্রায় ৩৮ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব ঘাটতি রয়েছে এ বন্দরে। তবে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে রোববার হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান জানিয়েছেন।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের প্রথম জুলাই মাসে হিলি কাস্টমসে রাজস্ব আদায় হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা। আগস্টে ২৬ কোটি ৬৯ লাখ, সেপ্টেম্বরে ৩৫ কোটি ১৯ লাখ, অক্টোবরে ৩৪ কোটি ৩১ লাখ, নভেম্বরে ৩২ কোটি ৫৪ লাখ ও ডিসেম্বরে আদায় হয়েছে, ২৬ কোটি ৮৯ লাখ টাকা। গত ২০২০-২১ অর্থবছরে হিলি কাস্টমসের রাজস্ব আদায় ছিল ৩৯৯ কোটি টাকা।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান জানান, চলতি ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২২৭ কোটি ৮২ লাখ টাকা, আদায় হয়েছে ১৮৯ কোটি ২০ লাখ টাকা। হিলি স্থলবন্দরে সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ বন্দরে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি। আশা করছি, নতুন বছর শুরু থেকে এ বন্দরে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, রাজস্ব আহরণ নির্ভর করে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির ওপর। সেইসঙ্গে পণ্য আমদানি-রফতানি বাড়ানোর মধ্য দিয়ে রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমানে যে ধারায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলছে, তাতে অর্থবছরের বাকি সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হতে পারে।

সম্পর্কিত খবর