ইইউর বাইরে ফ্রান্সের গম রফতানি তিন বছরের সর্বনিম্নে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাইরে ফ্রান্সের গম রফতানি লক্ষণীয় মাত্রায় কমেছে। অক্টোবরে প্রাণবন্ত থাকলেও সর্বশেষ নভেম্বরে কৃষিপণ্যটির রফতানি তিন বছরের সর্বনিম্নে নেমেছে। এর আগে ২০১৮-১৯ বিপণন মৌসুমে গম রফতানিতে এমন নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছিল। পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
রেফিনিটিভের প্রাথমিক তথ্য বলছে, জুলাইয়ে ফ্রান্সে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের পঞ্চম মাস নভেম্বরে ২৭টি দেশভুক্ত ব্লকটির বাইরে ফ্রান্স ৮ লাখ ২ হাজার ৭০০ টন গম রফতানি করে।
ইইউ ব্লকের বাইরে ফ্রান্সে উৎপাদিত গমের প্রধান রফতানি গন্তব্য ছিল আলজেরিয়া। প্রাথমিক প্রাক্কলনে দেখা গেছে, গত মাসে উত্তর আফ্রিকার দেশটিতে ২ লাখ ৫৬ হাজার ৭০০ টন গম রফতানি করে ফ্রান্স। দ্বিতীয় সর্বোচ্চ গম রফতানি করা হয় চীনে। রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৩৭ হাজার ৭০০ টন। অথচ অক্টোবরে দেশটিতে রফতানি করা হয়েছিল ৫ লাখ ১৪ হাজার ৮০০ টন গম, যা ছিল এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ রফতানি।
এদিকে গত মাসে ইইউর বাইরে ৩ লাখ ৫৪ হাজার ৪০০ টন যব রফতানি করেছে ফ্রান্স। অক্টোবরের তুলনায় কৃষিপণ্যটির রফতানি বেড়েছে। ওই মাসে রফতানি করা হয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৩০০ টন। যদিও এ দুই মাসের রফতানি আগস্টের তুলনায় অনেক নিচে অবস্থান করছে। ওই সময় ইইউর বাইরে ফ্রান্স ৯ লাখ ৯ হাজার ৯০০ টন যব রফতানি করেছিল।



