শাইনপুকুর সিরামিকসের মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৭ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৮০ লাখ টাকা। মূলত উত্পাদন ব্যয় বাড়ার কারণে কোম্পানিটির মুনাফা কমেছে।
সম্প্রতি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটি পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৩৩ কোটি ৩৪ লাখ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৩৪ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ। এর আগের ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা। যেখানে আগের বছরে ইপিএস ছিল ২১ পয়সা। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের বছরে ছিল ৩ কোটি ১৫ লাখ টাকা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
২০০৮ সালে পুঁজিবাজারে আসা শাইনপুকুর সিরামিকসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪৬ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ৫৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ৫৫। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ১৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪২ দশমিক ৮১ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার শাইনপুকুর সিরামিকসের শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৮ টাকা থেকে ৪৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।


