হিলির বাজারে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ টাকা বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে দাম ছিল ৩৫ টাকা।
রোববার (২৭ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
বাজারের পেঁয়াজ বিক্রেতা নুরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণে কৃষকেরা বাজারে পেঁয়াজ কম আনছেন। এতে সরবরাহ কমে যাওয়ায় মোকামে দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১ হাজার ৮০০ টাকায় দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। পাশাপাশি মোকামে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। আবহাওয়া ভালো হলে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে আসতে পারে।
এদিকে পেঁয়াজের দাম বাড়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, জেলার বিভিন্ন হাটবাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীদের ক্রয় রসিদ যাচাইয়ের পাশাপাশি বিক্রয়মূল্যও পর্যবেক্ষণ করা হচ্ছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে আর্থিক জরিমানা করা হচ্ছে।



