হার্ট অ্যাটাক করে হাসপাতালে সংগীতশিল্পী পলাশ
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ সাজ্জাদ। সোমবার রাতে হার্ট অ্যাটাক হয় শিল্পীর।
গণমাধ্যমকে এমনটাই জানিয়ে সংগীতশিল্পী পলাশের বড় ভাই বকুল বলেন, ‘তবে শারীরিক ভাবে সে বেশ সুস্থ আছে। একটা রিং পড়ানো হয়েছে গতকাল।বিকেলের দিকে কেবিনে স্থানান্তরিত করা হবে।’
৯০ দশকের তুমুল জনপ্রিয় ভার্সেটাইল কণ্ঠশিল্পী পলাশ। দীর্ঘ দিনের ক্যারিয়ারে দুই শতাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। এরমধ্যে একক অ্যালবামের সংখ্যা ৩০-এর অধিক। তার প্লেব্যাকের সংখ্যা এক হাজারের মতো।
পলাশ ২০১২ সালে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তাঁর গাওয়া শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘মা, তুমি আমার আগে যেয়ো না গো মরে’, ‘ও প্রিয়জন’, ‘কী এমন ছিল প্রয়োজন’, ‘মানুষ বড় স্বার্থপর’।
নব্বই দশকে ‘অরবিট’ নামের ব্যান্ডদল গড়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন পলাশ সাজ্জাদ। এরপর আধুনিক, ফোক, হারানো দিনের গান, রিমিক্স, র্যাপ গানসহ সংগীতের বেশিরভাগ ক্ষেত্রে ছিল তাঁর সফল পদচারণা।



