প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি
নির্ধারিত মেরিন ট্যারিফ রেটের চেয়ে উল্লেখযোগ্য হারে কম প্রিমিয়াম আদায়ের অভিযোগে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন সংশ্লিষ্ট উপশ্রেণির নিবন্ধন স্থগিত করা হবে না, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা এক চিঠিতে আইডিআরএ প্রতিষ্ঠানটির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিতের নির্দেশ দেয়।
আইডিআরএর পরিচালক (রিইনস্যুরেন্স, অডিট ও দাবি) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আইডিআরএর চিঠিতে বলা হয়, গত ২ নভেম্বর কর্তৃপক্ষের একটি পরিদর্শক দল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে। এ সময় ২০২৬ সালে বীমা পলিসি ইস্যুর ক্ষেত্রে বিভিন্ন বীমাগ্রহীতার কাছ থেকে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেটের উল্লেখযোগ্য হারে কম প্রিমিয়াম আদায় করে বীমা সুবিধা দেওয়ার বিষয়টি উঠে আসে।
নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, নির্ধারিত হারের চেয়ে কম রেটে বীমা সুবিধা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম আদায় করেছে, যা বীমা আইন, ২০১০-এর ৬০ ধারা এবং কর্তৃপক্ষের জারি করা নন-লাইফ বীমা-সংক্রান্ত ৮৩/২০২১ নম্বর সার্কুলারের সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় বীমা আইন, ২০১০-এর ১০(১) ধারা অনুযায়ী কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন স্থগিত করা হবে না, তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব দাখিল করতে হবে প্রতিষ্ঠানটিকে।
একই সঙ্গে বীমা আইন, ২০১০-এর ১০(২) ধারা অনুযায়ী কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বীমা খাতে নির্ধারিত ট্যারিফ অনুসরণ এবং প্রিমিয়াম নির্ধারণে বিধিবিধান প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তবে কোম্পানিটির লিখিত ব্যাখ্যা এবং পরবর্তী সময়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে উপশ্রেণিটির নিবন্ধন স্থগিতের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ।



