আইডিআরএর কড়া পদক্ষেপ
৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা
নির্ধারিত ট্যারিফ রেট লঙ্ঘন করে কম প্রিমিয়ামে পলিসি ইস্যু করার অভিযোগে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে কেন কোম্পানিটির এই উপশ্রেণির নিবন্ধন স্থায়ীভাবে বাতিল বা স্থগিত করা হবে না, তার সন্তোষজনক জবাব আগামী ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ আইডিআরএ-এর রেটিং শাখার নন-লাইফ অনুবিভাগ থেকে জারিকৃত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। আইডিআরএ-এর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয় যে, গত ০২ নভেম্বর ২০২৬ তারিখে আইডিআরএ-এর একটি পরিদর্শন দল গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় সরেজমিন পরিদর্শন করে। এ সময় দেখা যায় যে, ২০২৬ সালে বীমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন রেটে প্রিমিয়াম অবনমন করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, এই ধরনের কার্যক্রম বীমা আইন, ২০১০-এর ধারা ৬০ এবং আইডিআরএ কর্তৃক জারিকৃত সার্কুলার নং নন-লাইফ ৮৩/২০২১-এর স্পষ্ট লঙ্ঘন।
আইডিআরএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বীমা আইন, ২০১০-এর ধারা ১০(১) অনুযায়ী কেন গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন স্থগিত করা হবে না—তা আগামী ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি, আইনটির ধারা ১০(২) অনুযায়ী বিধি লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে ৩ (তিন) মাসের জন্য কোম্পানিটির মেরিন (কার্গো) উপশ্রেণির বীমা ব্যবসা পরিচালনার ওপর স্থগিতাদেশ আরোপ করা হলো।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মুখপাত্র সাদিক আরমান বলেন, “বাজারের সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা এবং বীমা গ্রহীতাদের স্বার্থ সুরক্ষার স্বার্থেই আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি, প্রাথমিক লঙ্ঘন প্রমাণিত হওয়ায় মেরিন কার্গো উপশ্রেণির ব্যবসা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তোষজনক জবাব ও উপযুক্ত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”



