ঘোষণা প্রধানমন্ত্রীর
হস্তশিল্পজাত পণ্যকে ‘বর্ষপণ্য
হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ ঘোষণা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধনকালে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা নারীদের কর্মসংস্থান তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, সেজন্য এটি তাদের সহায়ক হবে। নারীদের প্রশিক্ষণ দিতে হবে। নারীরা যেসব পণ্য তৈরি করবে সেগুলো চিহ্নিত করতে হবে। জয়িতা ফাউন্ডেশন করে দিয়েছি, সেখানে নারীরা নিজেদের তৈরি পণ্য নিজেরা বিক্রি করতে পারে।’
‘আজকের কূটনীতি রাজনৈতিক নয়, এটি হবে অর্থনৈতিক কূটনীতি’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিদেশে আমাদের সব দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি, এখনকার ডিপ্লোমেসি এটা পলিটিক্যাল ডিপ্লোমেসি না, ইকোনমিক ডিপ্লোমেসি হবে। অর্থাৎ প্রত্যেকটি দূতাবাস ব্যবসা-বাণিজ্য, রফতানি, কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি, কী আমরা রফতানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি- সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’
সরকারপ্রধান বলেন, ‘আমাদের রফতানি বহুমুখী করতে হবে। পোশাকের পাশাপাশি পাট ও অন্যান্য পণ্যের জন্য সুযোগ তৈরি করতে হবে। আমাদের নতুন বাজার খুঁজতে হবে। সেজন্য আমাদের আরো পরিকল্পিতভাবে এগোতে হবে।’
