সৌদি আরবের জ্বালানি তেল রফতানি আট মাসের সর্বোচ্চে

টানা পাঁচ মাসের মতো সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে। সর্বশেষ সেপ্টেম্বরে জ্বালানি পণ্যটির রফতানি বেড়ে চলতি বছরের জানুয়ারির পর সর্বোচ্চে উঠে আসে। জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনেশিয়েটিভ (জোডি) এ তথ্য জানিয়েছে।

তথ্য বলছে, সেপ্টেম্বরে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়ে দৈনিক ৬৫ লাখ ১৬ হাজার ব্যারেলে উন্নীত হয়। আগস্টে রফতানির পরিমাণ ছিল দৈনিক ৬৪ লাখ ৫০ হাজার ব্যারেল। এদিকে জ্বালানি তেলজাত পণ্যসহ মোট রফতানি দাঁড়িয়েছে দৈনিক ৭৮ লাখ ৪০ হাজার ব্যারেলে।

সৌদি আরব বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক। এক মাসের ব্যবধানে দেশটির জ্বালানি তেল উত্তোলন বেড়েছে দৈনিক এক লাখ ব্যারেল করে। সেপ্টেম্বরে মোট দৈনিক উত্তোলন দাঁড়িয়েছে ৯৬ লাখ ৬২ হাজার ব্যারেলে, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ উত্তোলন।

জুলাইয়ে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক নিয়ে গঠিত সংগঠন ওপেক প্লাসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জোটভুক্ত দেশগুলো ১ আগস্ট থেকে অপরিশোধিত জ্বালানি তেল দৈনিক চার লাখ ব্যারেল করে উত্তোলন বৃদ্ধির বিষয়ে একমত হয়। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা পূরণে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরই অংশ হিসেবে উত্তোলন বাড়িয়েছে সৌদি আরব। পাশাপাশি বিশ্ববাজারে সরবরাহও বাড়াচ্ছে দেশটি। আগামী ২ ডিসেম্বর সংগঠনটির নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত খবর