সীমান্তে বিশৃঙ্খলায় হারিয়ে যাচ্ছে ইউক্রেনীয় শিশু
ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। কিয়েভের আশপাশে ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে রুশ সৈন্যদের লড়াই তীব্র হয়েছে। এ অবস্থায় ইউক্রেন ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক লোকজন। শরণার্থী সংকটে দেশটির সীমান্তগুলোয় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। আর এ বিশৃঙ্খলার মধ্যে পড়ে হারিয়ে যাচ্ছে অনেক ইউক্রেনীয় শিশু। ঘটছে মানব পাচারের মতো ঘটনাও। খবর দ্য গার্ডিয়ান।
শরণার্থী গ্রহণের জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোয় কাজ করা দাতব্য সংস্থা ও অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, সীমান্তে বিশৃঙ্খলার মধ্যে মানব পাচার, শিশু হারিয়ে যাওয়া, চাঁদাবাজি ও শোষণের মতো ঘটনা ঘটছে। এরই মধ্যে ২৫ লাখেরও বেশি লোক সহিংসতা থেকে বাঁচতে প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছে।
পোল্যান্ডের লুবনিনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা হোমো ফেবারের সমন্বয়কারী ক্যারোলিনা উয়েজবিন্সকা বলেন, অনেক শিশুকে ট্রেন স্টেশনের চারপাশে একা ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এবং এভাবে তারা নিখোঁজ হয়ে যাচ্ছে। এটাই এখানকার বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কোনো অনুমাননির্ভর ঘটনা নয়।
তিনি বলেন, আমরা এরই মধ্যে মানব পাচারের মতো ঘটনার খবর পাচ্ছি। এমনকি পোল্যান্ডে নারীদের অবৈধ কাজের প্রস্তাব দেয়া হচ্ছে, নিয়োগকর্তা তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং সময়মতো বেতন দিতে অস্বীকার করছে। ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটছে অহরহ।
শিশু সুরক্ষায় পোলিশ সীমান্ত রক্ষাকারী বাহিনী লিফলেট বিতরণে দাতব্য সংস্থাগুলোকে সহায়তা করছে। লিফলেটে ব্যক্তিগত নথিপত্র সুরক্ষিত রাখতে, শিশুদের ব্যস্ত ট্রেন স্টেশনে ভ্রমণের জন্য প্রস্তুত করতে এবং যাত্রার সময় গন্তব্য পরিবর্তন করতে সচেতন করা হয়েছে। ইউক্রেনের আরেক সীমান্ত স্লোভাকিয়ার সরকারও বিভিন্ন ধরনের শিশু সুরক্ষামূলক কার্যক্রম গ্রহণ করেছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ইউক্রেনীয় শরণার্থীদের জন্য সম্পূর্ণভাবে সীমান্ত খুলে দেয়ার পোলিশ সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। তবে এটি পোল্যান্ড সরকারের জন্য শিশু সুরক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছে সংস্থাটি।



