সালমানের স্টুডিওতে হামলা, সাদিয়ার বিস্ফোরক স্ট্যাটাস
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
সাদিয়া আয়মান লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
সাথে দেশে চাঁদাবাজ ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!
ঘটনাটিকে লজ্জাজনক ও ধিক্কারজনক উল্লেখ করে নিজের অবস্থান জানান অভিনেত্রী। পরে পোস্টের মন্তব্যের ঘরেও কয়েকজন সমালোচকের মন্তব্যের জবাব দেন তিনি। সেখানে সাদিয়া দাবি করেন, যাদের উদ্দেশ্য করে তিনি পোস্টটি দিয়েছেন, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।
এ সময় মন্তব্যকারীদের উদ্দেশে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান তিনি। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।



