শপিংমলে অগ্নি দুর্ঘটনা রোধে কাজ করছে রাজউক
রাজধানীর উত্তরা এলাকায় মাসকট প্লাজা ও নর্থ টাওয়ারসহ কয়েকটি শপিংমলে আগুন নেভানোর ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের টিমসহ আন্তঃসংস্থার বিশেষ টিম। রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক এতে নেতৃত্বে দেন।
বুধবার রাজউক এর অধীন জোন-২/১ এর উত্তরা এলাকায় শপিং মল পরিদর্শনের সময় রাজউক, ফায়ার সার্ভিস, বিএসটিআই, ডিপিডিসি, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ওয়াসার বিশেষ সংস্থার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় রাজউকের উন্নয়ন শাখা -২ এর পরিচালক প্রকৌশলী মোবারকসহ আন্তঃ সংস্থার বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
পরিদর্শন দল রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের ফায়ার সেফটি ব্যবস্থা নিশ্চিত আছে কিনা তা খতিয়ে দেখেন। এছাড়াও কোনো ভবনে আগুন লাগলে তা নেভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা বিষয়টি পরীক্ষা করে দেখেন সার্ভিসের লোকজন। কোন বিষয়গুলি আগুন নেভানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাও ভবন মালিকদেরকে জানিয়ে দেয়া হয়। এ সময় শপিংমল কর্তৃপক্ষও সামনে রমজান ও ঈদকে কেন্দ্র করে ফায়ার সেফটি বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করবে বলে প্রতিশ্রুতি দেয়।

পরিদর্শন শেষে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক বলেন, প্রতি মাসে তারা আন্তঃ সংস্থার বিশেষ টিমসহ এই ধরনের কর্মসূচি করে থাকেন। মার্কেট বা শপিং মলে আগুন লাগলে প্রতিকারের ব্যবস্থা আছে কিনা তা দেখা এবং সেই সাথে কোন বিষয়ে ঘাটতি থাকলে সেই বিষয়ে পরামর্শ দেয়া হয় এই সময়ে।
তিনি আরো বলেন, রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজটি করছে। দ্রুত সময় সমাধান না করলে ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এই বিশেষ পরিদর্শনে টীমে রাজউকের পক্ষে থেকে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, মো. আবু হেনা, ইমারত পরিদর্শক মোঃ মাসুদুর রহমান, মো. নাজমুল হাসান, আমিন কবি, সরফুদ্দিন ও মেহেদী।


