রান্নাঘরের আড়ায় ঝুলছিল কিশোরের মরদেহ
ঝালকাঠির নলছিটি উপজেলায় রিয়াদ হোসেন মল্লিক (১৩) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে নিজ রান্নাঘরের আড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়াদ হোসেন মল্লিক পশ্চিম গোপালপুর এলাকার মো. নাছির উদ্দিন মল্লিকের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।
নিহতের খালা হনুফা বেগম, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রিয়াদ রাতের খাবার খেয়ে মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে তার মা ফজরের নামাজ পড়তে গিয়ে রান্না ঘরে বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত তার মরদেহ দেখতে পান। পরে বাড়ির লোকজনের সহযোগিতায় গলার ওড়না কেটে মরদেহ নিচে নামান। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম মরদেহ থানার নিয়ে যান। তবে কি কারণে কিশোর আত্মহত্যা করেছে, তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. মুরাদ আলী বলেন, ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।



