শিরোনাম
down of head

বললেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
‘মূল্যস্ফীতি ও জিডিপির প্রকৃত তথ্য-উপাত্ত প্রকাশ করা হবে’

এখন থেকে মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রকৃত তথ্য-উপাত্ত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গতকাল রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। সভা শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশের ওপরে উঠে গেছে—এটা অস্বীকার করে লাভ নেই। আমি মনে করি, যথাযথ নীতি প্রণয়নে প্রকৃত তথ্য-উপাত্ত দরকার।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরো সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের সবার মতো বর্তমান সরকারও মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। গ্রামে ৬ টাকার বেগুন ঢাকায় ৮০ টাকায় বিক্রি হয়। কৃষক ১০ কিলোমিটার দূর থেকে ফসল নিয়ে বাজারে এলেও দাম পান না। শেষমেশ অল্প দামে ফড়িয়াদের কাছে বিক্রি করে দেন।’

মূল্যস্ফীতি বৃদ্ধি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কয়েক দিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ে। সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছিল। এখন পণ্য সরবরাহ স্বাভাবিক হচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে।’

উপদেষ্টা বলেন, ‘অর্থের অপচয় বন্ধ করতে হবে। যেসব প্রকল্প জনগণের সঙ্গে সম্পৃক্ত, ব্যবসা-বাণিজ বাড়াতে সাহায্য করে সেগুলোয় প্রাধান্য দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘মেগা প্রকল্পে অর্থ বরাদ্দের ক্ষেত্রে পরামর্শ প্রয়োজন। তাছাড়া পোর্ট, রোডে আমরা এখন ইনভেস্টমেন্ট বেশি করব না, এখন জাতি গঠনের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে।’

তিনি বলেন, ‘ক্লাইমেট চেঞ্জের নাম করে স্ট্রিট লাইট লাগানো হচ্ছে, এগুলোর ব্যয় যথাযথ করতে হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোর সমন্বয় নিশ্চিত করতে হবে।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অর্থনীতি মন্থর হয়ে গিয়েছিল, এটি এখন আবার বাড়বে। স্টেকহোল্ডারদের সঙ্গে বসব। আমার মূল লক্ষ্য অর্থনীতি সচল করা।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আর্থিক খাতের সংস্কার একটি বড় ব্যাপার। অনেক বেশি সময় হয়তো পাওয়া যাবে না। কিন্তু প্রয়োজনীয় কিছু মেরামতের কার্যক্রম করা হবে।’

তিনি বলেন, ‘আমার মূল কাজ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর্থিক খাত সংস্কারের আমার একটি পরিকল্পনা আছে, তবে এখনই তা আপনাদের বলছি না।’

উদাহরণ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘একটা গাড়ি পুরোপুরি আমরা পাল্টে ফেলতে পারব না, মেরামত করতে পারব।’

এন এস

সম্পর্কিত খবর