ভুয়া সার্কুলার নিয়ে আইডিআরএর সতর্কতা
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি সার্কুলারকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও অসত্য বলে ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। সম্প্রতি জনসংযোগ বিভাগ থেকে জারি করা এক সতর্কীকরণ বার্তায় বিভ্রান্তিকর এই তথ্যের বিষয়ে গণমাধ্যমকর্মী, বীমা খাতের অংশীজন এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আইডিআরএ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষের নাম ব্যবহার করে একটি ভুয়া প্রজ্ঞাপন ছড়ানো হচ্ছে, যার সঙ্গে আইডিআরএর কোনো সম্পৃক্ততা নেই। প্রচারিত এই নথি বা বক্তব্যকে কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত কিংবা নির্দেশনা হিসেবে বিবেচনা না করার জন্য কঠোর বার্তা দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি আরও উল্লেখ করে, এ ধরনের ভিত্তিহীন তথ্য বীমা খাতে চরম বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এর ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকে।
এ পরিস্থিতিতে যেকোনো সার্কুলার, প্রজ্ঞাপন বা সংবাদ প্রকাশ ও প্রচারের আগে আইডিআরএর অফিসিয়াল ওয়েবসাইট, অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা কর্তৃপক্ষের মাধ্যমে সত্যতা যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে। কোনো তথ্য প্রচারের পূর্বে স্মারক নম্বর, প্রকাশের তারিখ ও কর্তৃপক্ষের অনুমোদন খতিয়ে দেখার ওপর জোর দিয়ে বীমা খাতের সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় আইডিআরএ।



