ভালোবাসা দিয়ে সন্তানকে শাসন করতে হবে: হাইকোর্ট
জোর-জবরদস্তি নয়, ভালোবাসা দিয়ে প্রাপ্তবয়স্ক তরুণীকে শাসন করতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
রাজধানীর উত্তর মুগদায় বাবা-মায়ের বাসায় বন্দি থাকার অভিযোগ আনার পর আদালতে হাজির হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তরুণীকে নিয়ে শুনানিতে এসব কথা বলেছেন হাইকোর্ট।
শুনানিতে আদালত বলেছেন, বাবা-মাকে আরও দায়িত্বশীল হতে হবে। হঠাৎ করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। সে (তরুণী) কানাডা যেতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। চাইলে তার বাবা-মাও সন্তানের সঙ্গে কানাডা যেতে পারবেন। ভিসা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সে তার বাবা মায়ের কাছেই থাকবে। তাকে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইলসহ প্রয়োজনীয় সব কিছু দিতে হবে।
এ সময় আদালত বলেন, কানাডার যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে সেখানে সেশন ফি পরিশোধ করে আবারো অধ্যায়নের ব্যবস্থা করতে হবে। আপনারা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না।
এ বিষয়ে পরবর্তী আদেশ ও শুনানির জন্য আগামী মঙ্গলবার (১২ এপ্রিল) দিন ঠিক করেছেন আদালত।
এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (১০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এসব আদেশ দেন।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। এছাড়া শুনানির সময় কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।



