down of head

বেলারুশ সীমান্তে সিরীয় যুবকের লাশ উদ্ধার

বেলারুশ সীমান্তের কাছে একটি জঙ্গল থেকে শনিবার অভিবাসনপ্রত্যাশী সিরিয়ার এক যুবকের লাশ উদ্ধার করেছে পোল্যান্ডের পুলিশ।

ইউরোপের দুই দেশের রাজনৈতিক সংকটের কারণে প্রচণ্ড শীতে সীমান্তে প্রাণ হারাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা।
ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের নিয়ে ক্রমবর্ধমান অচলাবস্থার মধ্যে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এ নিয়ে অন্তত ৯ জনের মৃত্যু ঘটল৷

পোলিশ পুলিশ শনিবার জানিয়েছে, বেলারুশ সীমান্তের কাছে একটি জঙ্গলে সিরিয়ার এক যুবকের মরদেহ পাওয়া গেছে৷ ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্তে রাজনৈতিক অচলাবস্থার সবশেষ শিকার তিনি৷

কর্তৃপক্ষ জানিয়েছে, এই মরদেহ একদিন আগে ওলকা তেরেচওস্কা গ্রামের কাছে পাওয়া গিয়েছিল৷ মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি৷

এর আগে বৃহস্পতিবার বেলারুশ-ইইউ সীমান্তে ১৪ বছর বয়সি একটি কুর্দি বালক হাইপোথার্মিয়ায় মারা যায়৷ এই দুই মৃত্যুর ফলে পোলিশ সীমান্তে আটকা পড়ে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ৯ জনে৷

ইইউ কর্তৃপক্ষের অভিযোগ বেলারুশ সরকারই কয়েক মাস ধরে ইইউভুক্ত রাষ্ট্র পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সীমান্তে অভিবাসীদের ঠেলে দিচ্ছে৷

ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, অভিবাসনপ্রত্যাশীদের বেলারুশে আসতে উৎসাহ জুগিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো৷

কারণ বেলারুশের মানবাধিকার পরিস্থিতি খারাপ হওয়ায় সে দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ৷ সে জন্য লুকাশেঙ্কো অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাঠাতে চাইছেন বলে অভিযোগ ইইউর৷

বেলারুশের প্রধান সমর্থক রাশিয়া৷ তাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোকে দিয়ে ইউরোপ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামিয়েছেন বলে মঙ্গলবার অভিযোগ করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাটেওশ মোরাভিয়েৎস্কি৷

সম্পর্কিত খবর