বেঁচে আছে মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাব
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভূঁইয়া (১৫) চোখ খুলেছে, নিচ্ছে নিঃশ্বাসও। সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেলেও অক্ষত রয়েছে শ্বাসনালী। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ (২৪ জুলাই) সকালে তার বড় মামা মহিবুল হাসান শামীম এসব তথ্য জানান। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির মো. মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন।


