down of head

মার্জিন বিধিমালা সংশোধন
বিএসইসির উদ্যোগকে ডিবিএর সমর্থন

মার্জিন বিধিমালা সংশোধনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সংগঠনটি মনে করছে, এ উদ্যোগ দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ এ অবস্থানের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত বৈঠকের জন্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিবিএ। ওই বৈঠকে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সংশোধিত মার্জিন বিধিমালা নিয়ে অংশগ্রহণকারী প্রতিনিধিদের বিভিন্ন প্রস্তাব, মতামত ও উদ্বেগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনা হয়। একই সঙ্গে গঠনমূলক আলোচনা শেষে এসব বিষয় সংস্কার প্রক্রিয়ায় যথাযথভাবে বিবেচনায় নেওয়ার আশ্বাস দেয় কমিশন। এ জন্য বিএসইসির চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ডিবিএ।

সংগঠনটির মতে, কমিশনের এই বাস্তবমুখী ও বাজারবান্ধব পদক্ষেপ দেশের পুঁজিবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক। ডিবিএর বিশ্বাস, সংশোধিত মার্জিন বিধিমালা, ২০২৫ একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে সুশৃঙ্খলতা, স্বচ্ছতা এবং টেকসই উন্নয়ন আরও জোরদার হবে।

ডিবিএ আরও আশা প্রকাশ করেছে, খুব শিগগিরই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়া প্রকাশের পর তা পর্যালোচনা করে প্রয়োজন মনে করলে কমিশনের কাছে সংগঠনটি বিস্তারিত মতামত ও সুপারিশ জমা দেবে।

ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে, ডিবিএ সেই উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানায়। তিনি বলেন, ভবিষ্যতেও পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ সর্বদা প্রস্তুত থাকবে।

সম্পর্কিত খবর