বাল্কহেডের ধাক্কায় ৩০ টন সারসহ ট্রলারডুবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় ৬০০ বস্তা সারবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টায় সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারের নুপুর এন্টারপ্রাইজের ব্যবস্থাপক বাদল মিয়া কুমিল্লার দাউকান্দি থেকে ৬০০ বস্তা সার নিয়ে ট্রলারে করে রওনা দেন। ওই বস্তায় মোট ৩০ টন সার ছিল। সৈয়দপুর যাওয়ার পথে উপজেলার কুচিয়ামোড়ায় ট্রলারটি নোঙর করেন বাদল। সোমবার ভোরে একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘আমাদের নভেম্বর মাসের বরাদ্দের সার সৈয়দপুর নুপুর এন্টারপ্রাইজে যাওয়ার কথা ছিল। কিন্তু বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’ উপজেলা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি। আজ মঙ্গলবার ট্রলারটি উদ্ধারের কথা রয়েছে।



