বাংলাদেশে আসছেন ২৫০ চীনা বিনিয়োগকারী
জুন ২০২৫ এ আসছেন ২৫০ চীনা বিনিয়োগকারী
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই ও বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে আসছেন চীনের প্রায় ১০০টি কোম্পানির ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী। আগামী জুন মাসের শুরুতেই তারা ঢাকায় আসবেন।
চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণে আগামী ১ জুন রাজধানীতে দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন তাও।
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকায় চীনা দূতাবাস।
আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনে প্রায় ১০০টি চীনা প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন। তাদের মধ্যে ফরচুন ৫০০-এর অন্তর্ভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের র্শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এ ছাড়া চীনের চারটি চেম্বার অব কমার্সের র্শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
বেজা বলেছে, চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর ও সম্মেলন চীন-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের নতুন মাইলফলক হবে। এই প্রথম এত বিপুলসংখ্যক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন।
বেজা আরও বলেছে, প্রধান উপদেষ্টার চীন সফর ও গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল হচ্ছে এই ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন।



