শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বড় কর্মসূচি দিচ্ছে না বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির এক দফার আন্দোলন বড় ধাক্কা খেয়েছে। তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও হতাশ। তাঁদের চাঙা করার মতো কর্মসূচিও নেই। দলীয় সূত্র বলছে, মহাসচিবসহ বিপুলসংখ্যক নেতা কারাগারে থাকায় নেতৃত্বের দুর্বলতার কারণে বড় কোনো কর্মসূচি দেবে না দল। আপাতত বিক্ষোভ-সমাবেশের মতো কর্মসূচি চলবে।

অবশ্য বিএনপির নীতিনির্ধারকদের দাবি, দলে নেতৃত্বের দুর্বলতা নেই, দল আন্দোলনেই আছে। দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সময়ক্ষেপণ করছি না। আমাদের লাইনেই চিন্তা করছি। আমাদের ভাবনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি।’

বিএনপি ও সমমনা দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, এক দফার আন্দোলন এখন পর্যন্ত ব্যর্থতার বেশ কয়েকটি কারণের অন্যতম বিএনপির নেতৃত্বের দুর্বলতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সামনের সারির বেশ কয়েকজন নেতাসহ কারাবন্দী রয়েছেন বিপুলসংখ্যক নেতা-কর্মী। মহাসচিবের অনুপস্থিতিতে নীতিনির্ধারণী পর্যায়েও সিদ্ধান্ত নিতে সমস্যা দেখা দিয়েছে। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর হতাশ নেতা-কর্মীরাও কর্মসূচি পালনে আগের মতো আগ্রহ দেখাচ্ছেন না। এ অবস্থায় জুতসই কৌশল নির্ধারণে হুটহাট সিদ্ধান্ত নিতে চান না নীতিনির্ধারকেরা। অতীতের ভুলক্রটিসহ নানা বিষয় পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে চান তাঁরা। সবকিছু গোছাতে একটু সময় লাগতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, মহাসচিব মুক্তি না পাওয়া পর্যন্ত জোরালো কোনো কর্মসূচি দেওয়ার চিন্তা নেই। আপাতত ছোট পরিসরে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচির চিন্তা করা হচ্ছে, যা আগামী সপ্তাহেই আসতে পারে। রমজান মাস সামনে রেখেও জনসম্পৃক্ত কর্মসূচি দেওয়ার চিন্তা আছে। এর মধ্যে কিছু কর্মসূচি যুগপৎভাবেও পালিত হবে।
তবে সেলিমা রহমান বলেন, ‘নেতৃত্বের দুর্বলতা কোথায়? প্রশ্নটা হচ্ছে, এটা কারা বলছে?’ তিনি বলেন, ‘আগামী দিনে কর্মসূচি কেমন হবে, কীভাবে হবে, তা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের আন্দোলন চলমান, আমাদের কাজ চলছে।’

বিএনপির একাধিক সূত্র বলছে, আন্দোলনে সাংগঠনিক দুর্বলতাও ধরা পড়েছে। তাই বড় কর্মসূচিতে যাওয়ার আগে সাংগঠনিক দুর্বলতাও কাটিয়ে ওঠায় নজর দেওয়া হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ শিগগির নেওয়া হবে। পলায়নপর ও নিষ্ক্রিয়দের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন জমাতে হলে নেতা-কর্মী দরকার। কিন্তু বিপুলসংখ্যক নেতা-কর্মী কারাগারে।

বিএনপির সাংগঠনিক (কুমিল্লা) সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘রাজনীতি করলে ভালো-মন্দ নিয়েই চলতে হবে। আন্দোলনেও উত্থান-পতন থাকবে। তবে আমরা আমাদের পথেই আছি। পরিস্থিতির আলোকে ইতিমধ্যে কৌশলে ভিন্নতা এসেছে। আগামীতে কৌশল বদল হতে পারে।’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, জনগণের ইস্যু নিয়ে এক দফা দাবিতে দল আন্দোলনের মধ্যেই আছে। স্থায়ী কমিটির বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে।

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গেও আলোচনা শুরু করেছে বিএনপি। তবে কর্মসূচি নিয়ে এখনো আলোচনা হয়নি। শরিক দলগুলোর নেতারা বলছেন, যুগপৎ আন্দোলন পরিচালন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। কর্মসূচি গ্রহণসহ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব কে দেবেন, সেটিও আসছে আলোচনায়। মিত্র দলগুলো বিএনপির কাছে এ ব্যাপারে তাদের পর্যবেক্ষণ তুলে ধরছে।

আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এখনই কোনো বড় কর্মসূচিতে আমরা যাব না। আপাতত বিক্ষোভ-সমাবেশের মতো কর্মসূচি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে পরিস্থিতি অনুযায়ী হরতাল-অবরোধও আসতে পারে।’

সম্পর্কিত খবর