down of head

ফু-ওয়াং ফুডসের মালিকানায় আসছে মিনোরি বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের মালিকানায় আসছে বাংলাদেশী বংশোদ্ভূত জাপানি নাগরিক মিয়া মামুনের প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ। ফু-ওয়াং ফুডসের বর্তমান উদ্যোক্তা-পরিচালকদের কাছ থেকে শেয়ার কিনে নেয়ার পাশাপাশি কোম্পানিটিতে নতুন করে বিনিয়োগ করবে মিনোরি বাংলাদেশ। গতকাল বিএসইসির ৮০৮তম কমিশন সভায় কোম্পানিটির মালিকানা পরিবর্তন পরিকল্পনা অনুমোদন করা হয়।

পরিকল্পনা অনুসারে, ফু-ওয়াং ফুডসের তিন উদ্যোক্তা কোম্পানিটির ৮৪ লাখ ৪২ হাজার বা ৭ দশমিক ৬১ শতাংশ শেয়ার বিক্রি করে দেবেন। এ শেয়ার কিনে নেবে মিনোরি বাংলাদেশ। পাশাপাশি মিনোরি বাংলাদেশ শেয়ার মানি ডিপোজিট হিসেবে কোম্পানিটিতে আরো ২০ কোটি টাকা বিনিয়োগ করবে, যা পরবর্তী সময়ে শেয়ারে রূপান্তরিত হবে। সব মিলিয়ে কোম্পানিটিতে উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ নিশ্চিত করা হবে। ৭ দশমিক ৬১ শতাংশ শেয়ার কেনার পর ফু-ওয়াং ফুডসের পর্ষদে মিনোরি বাংলাদেশের পক্ষ থেকে একজন মনোনীত পরিচালক নিয়োগের বিষয়টিও অনুমোদন করেছে বিএসইসি।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ফু-ওয়াং ফুডস কয়েক বছর ধরে ব্যবসায়িকভাবে সমস্যায় ছিল। কোম্পানিটির অবস্থা পরিবর্তনে কমিশন গত বছর স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। মিনোরি বাংলাদেশের পক্ষ থেকে ফু-ওয়াং ফুডসের মালিকানা কিনে নেয়ার মাধ্যমে নতুন করে বিনিয়োগের প্রস্তাব আসে। সবকিছু পর্যালোচনা করে আমরা এটি অনুমোদন করেছি। আশা করছি, কোম্পানিটির অবস্থা পরিবর্তনে এটি কার্যকর ভূমিকা রাখবে। গত বছরের জুলাইয়ে ফু-ওয়াং ফুডসের পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। গত বছরের নভেম্বরে অজিত কুমার পালকে কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে পর্ষদ।

প্রসঙ্গত, গত বছরের পুঁজিবাজারের সমস্যাগ্রস্ত কোম্পানি এমারাল্ড অয়েলের শেয়ার কেনার মাধ্যমে পর্ষদের দায়িত্ব নেয় মিনোরি বাংলাদেশ। সম্প্রতি বাণিজ্যিক উৎপাদনে এসেছে এমারাল্ড অয়েল। এদিকে কয়েক দিন ধরেই স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী ফু-ওয়াং ফুডসের শেয়ার। গত বছরের ২৬ ডিসেম্বর ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সায়।

সম্পর্কিত খবর