পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস
সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলের বাংলাদেশে অনুমোদিত প্রস্তুতকারক ও একমাত্র পরিবেশক র্যানকন মোটরস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি করপোরেট ও পুঁজিবাজার–সংক্রান্ত পরামর্শ দিতে লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডকে (এলসিএএল) এবং ইস্যু ব্যবস্থাপনার জন্য সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের র্যাংগস বাবিলোনিয়ায় প্রতিষ্ঠান দুটির সঙ্গে র্যানকন মোটরসের একটি চুক্তি সই হয়েছে। র্যানকন মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রোমো রউফ চৌধুরী এবং লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের নির্বাহী পরিচালক এরশাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, লায়ন সিটি অ্যাডভাইজরি র্যানকন মোটরসকে করপোরেট ও পুঁজিবাজার সংক্রান্ত পরামর্শ দেবে। অন্যদিকে সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট প্রস্তাবিত তালিকাভুক্তির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, র্যানকন মোটরস সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) প্রক্রিয়ায় পুঁজিবাজারে আসার জন্য আবেদন করতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।
তালিকাভুক্তি সম্পন্ন হলে র্যানকন মোটরস বাংলাদেশের পুঁজিবাজারে এককভাবে দুই চাকার যানবাহন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নতুন সংযোজন হবে। এর আগে রানার অটোমোবাইলস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসায় মোটরসাইকেলের পাশাপাশি তিন চাকার যানবাহনও রয়েছে।
প্রস্তাবিত তালিকাভুক্তির উদ্যোগকে বাংলাদেশের পুঁজিবাজারে র্যানকন মোটরসের অংশগ্রহণ সম্প্রসারণের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করতে পারে।
চুক্তি সই অনুষ্ঠানে র্যানকন মোটরসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আহসান হাকিম, ফারহানা করিম, ইমরান জামান খান ও আবু জাফর সিদ্দিকী উপস্থিত ছিলেন। লায়ন সিটি অ্যাডভাইজরির পক্ষে আবদুল্লাহ আল ফয়সালসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্টের পক্ষে রাবিউল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লায়ন সিটি অ্যাডভাইজরি বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে করপোরেট অ্যাডভাইজরি বা পরামর্শ সেবা দিয়ে থাকে।
লায়ন সিটি অ্যাডভাইজরির তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশের মোটরসাইকেল বাজারে সুজুকি ব্র্যান্ডের প্রায় ২০ শতাংশ বাজার হিস্যা ছিল। ওই সময় দেশে মোট ৪০ হাজার ৫১৪টি মোটরসাইকেল বিক্রি হয়। এর মধ্যে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি হয়েছে ৮ হাজার ২১৫টি।
বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের অনুমোদিত প্রস্তুতকারক ও একমাত্র দেশীয় পরিবেশক হিসেবে ব্যবসা পরিচালনা করছে র্যানকন মোটরস। প্রস্তাবিত তালিকাভুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজারে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে।



