তিন কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের অনুমোদিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানি তিনটি হলো সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড এবং এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ: ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে বিবিধ খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সুপারিশকৃত এ লভ্যাংশ অনুমোদনের জন্য গত ২৪ জানুয়ারি ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩০ নভেম্বর। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৭ পয়সায়, যা ৩০ জুন ২০২১ পর্যন্ত ছিল ২৬ টাকা ৯৮ পয়সা।
এস আলম কোল্ড রোলড স্টিলস: ২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে প্রকৌশল খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫৫ পয়সা। সেই হিসাবে আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৩৩ পয়সা বা ৬০ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৯ টাকা ১ পয়সা। আলোচ্য হিসাব বছরের সুপারিশকৃত লভ্যাংশ অনুমোদনের জন্য গত ১৫ জানুয়ারি চিটাগং ক্লাবে এজিএম করে কোম্পানিটি।
এসকোয়্যার নিট কম্পোজিট: ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করে বস্ত্র খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগের ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২০ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৯৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের ২৬ জানুয়ারি এজিএম করে কোম্পানিটি।



