down of head

ডেল্টার জায়গা নিয়েছে ওমিক্রন

গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে করোনার ডেল্টা ধরনের জায়গাটি সম্পূর্ণভাবে দখল করে নেয় ওমিক্রন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) ভাইরোলজি ল্যাবে নানা নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানা গেছে। গতকাল আইসিডিডিআরবি প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ১৫ থেকে ২৮ জানুয়ারির মধ্যে ঢাকা শহর থেকে ২৪টি করোনায় আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। জিনোম সিকোয়েন্স করে এর মধ্যে ৯২ শতাংশ নমুনায় ওমিক্রন এবং ৮ শতাংশ নমুনায় ডেল্টার ধরন পাওয়া গেছে। ওমিক্রন শনাক্ত হওয়া নমুনার মধ্যে উপধরন বিএ ২ সবচেয়ে বেশি বলে চিহ্নিত করা গেছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ২৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচ হাজার ২৩ জনসহ দেশে গতকাল সকাল পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬। এর মধ্যে চলতি ফেব্রুয়ারি মাসের ১২ দিনে শনাক্ত হয়েছে ৯২ হাজার ৮১৩ জন। মোট শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৯১ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আট হাজার ৮২১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে পুরুষ ১২ এবং নারী আটজন। ১৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া রাজশাহী ও খুলনায় দুজন করে, বরিশাল, সিলেট ও রংপুরে একজন করে রয়েছে।

 

সম্পর্কিত খবর