down of head

জুলাইয়ে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা, সবচেয়ে কম এসেছে রংপুরে

জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। বিপরীতে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রংপুর বিভাগে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে দেশে মোট ২৮৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ঢাকা বিভাগেই এসেছে ১৪৯ কোটি ৮০ লাখ ডলার, যা বিভাগভিত্তিক সর্বোচ্চ।

রেমিট্যান্স পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। জুলাই মাসে এ বিভাগে প্রবাসীরা পাঠিয়েছেন ৭৫ কোটি ৮৯ লাখ ডলার।

এ ছাড়া সিলেট বিভাগে ২৫ কোটি ৫০ লাখ, খুলনায় ১১ কোটি ৮৭ লাখ, রাজশাহীতে ৯ কোটি ৩৮ লাখ, বরিশালে ৫ কোটি ৪৫ লাখ এবং ময়মনসিংহে ৪ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে-৩ কোটি ডলার।

দেশভিত্তিক হিসাবে জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। দেশটি থেকে এসেছে ৫৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

এরপর রয়েছে যুক্তরাজ্য। দেশটি থেকে জুলাইয়ে ৩৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২৭ কোটি ৩১ লাখ, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, ইতালি থেকে ২০ কোটি ৩১ লাখ ১০ হাজার, মালয়েশিয়া থেকে ২০ কোটি ১৩ লাখ ৩০ হাজার, কুয়েত থেকে ১৪ কোটি ৮৭ লাখ ৪০ হাজার, ওমান থেকে ১৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার, সিঙ্গাপুর থেকে ১৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার এবং কাতার থেকে ১২ কোটি ১৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

ব্যাংকভিত্তিক হিসাবে জুলাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার।

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার। সবচেয়ে বেশি ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।

এ ছাড়া বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা ৩৫.৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

কোনো একটি অর্থবছরে দেশে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ড।

সম্পর্কিত খবর