চালকের দুই হাতে পান-চুন, উল্টে গেল চলন্ত বাস

ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত বাসের চালকের এক হাতে পান অন্য হাতে চুন সামনে পড়লো একটি ট্রাক এতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেল মহাসড়কে। সোমবার দুপুর ১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।

এতে কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন। হানিফ পরিবহনের বাসটি বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

বাসের যাত্রী রুলি বেগম বলেন আমি বগুড়া থেকে উঠেছি ঢাকা যাবো। ড্রাইভারের পাশেই বসেছিলাম। দেখলাম ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছে। বাসের গতি অনেক ছিল। হঠাৎ বাসটি মহাসড়কেই উল্টে যায়। আমি ভয়ে শেষ।

এদিকে মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ দুর্ঘটনার শিকার বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সায়রুল ইসলাম বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পৌলীতে উল্টে যায়। তবে কেউ মারা যায়নি। বাসের চালক হেলপার পালিয়ে গেছেন।

সম্পর্কিত খবর